কালীপুজোর রাতে সরশুনায় গুলির শব্দ! আতঙ্কে কাঁপছে এলাকা

এবেলা ডেস্কঃ
কালীপুজোর মণ্ডপে দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার এক
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: কলকাতার সরশুনা থানা এলাকার রক্ষিতপাড়ায় কালীপুজোর মণ্ডপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় মূল অভিযুক্ত রাজ পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সরশুনা এলাকার রক্ষিতপাড়ায় দুটি পৃথক কালীপুজোর আয়োজন করা হয়। একটি পুজোর দায়িত্বে রয়েছেন রাজ পাল এবং অন্যটির দায়িত্বে রয়েছেন দীনেশ শর্মা। দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের রেষারেষি ও নিজেদের পুজোকে বেশি জনপ্রিয় করার লড়াই চলছিল।
অভিযোগ, পুজোর রাতে রাজ পাল মদ্যপ অবস্থায় তার সঙ্গীদের নিয়ে দীনেশ শর্মার মণ্ডপে গিয়ে পৌঁছায়। সেখানে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হলে এক পর্যায়ে রাজ আগ্নেয়াস্ত্র বের করে দুই রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে মণ্ডপে উপস্থিত স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সরশুনা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ফাঁকা কার্তুজের খোল উদ্ধার করে।
ঘটনার রাতেই পুলিশ অভিযুক্ত রাজ পালকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীনেশ শর্মাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই সে গুলি চালিয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি, মারপিট ও ভয় দেখানোর একাধিক পুরনো মামলা রয়েছে। বর্তমানে সে পুলিশের হেফাজতে থাকলেও, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। রাজ সেটি কোথা থেকে সংগ্রহ করেছিল, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে গুলি চালানো ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
