সেনা আবাসনে নাবালিকার ওপর যৌন নিগ্রহ, কাঠগড়ায় খোদ জওয়ান!

সেনা আবাসনে নাবালিকার ওপর যৌন নিগ্রহ, কাঠগড়ায় খোদ জওয়ান!

এবেলা ডেস্কঃ

 

দক্ষিণ কলকাতায় সেনা আবাসনে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত জওয়ান

কলকাতা: দক্ষিণ কলকাতার একটি সেনা আবাসনে নাবালিকাকে যৌন নির্যাতন ও হেনস্তার অভিযোগে মোহিত বোথান নামে এক সেনা জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে হেস্টিংস থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং সোমবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে বিচারক তাকে পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সন্ধ্যায় আবাসনের পার্কের ভেতরে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। ওই পার্কে সেনা আধিকারিকদের সন্তানরা খেলাধুলা করে এবং নিরাপত্তার দায়িত্বে থাকেন সেনা জওয়ানরা। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পার্ক ফাঁকা হয়ে গেলে অভিযুক্ত জওয়ান ওই নাবালিকাকে কুরুচিকর ইঙ্গিত ও অশ্লীল প্রস্তাব দেয়। নাবালিকা তাতে রাজি না হলে অভিযুক্ত তাকে জোর করে কোলে তুলে নিয়ে যৌন নিপীড়ন ও হেনস্তা করে। ধস্তাধস্তির সময় নাবালিকার ঠোঁটে গুরুতর আঘাত লাগে। নাবালিকার চিৎকারে নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত তাকে নামিয়ে দেয়।

নিরাপত্তা রক্ষীদের সহায়তায় নাবালিকা নিজের ফ্ল্যাটে ফিরে তার মাকে পুরো বিষয়টি জানায়। এরপর নাবালিকার পরিবারের পক্ষ থেকে হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং পার্কের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড করার পর অভিযুক্ত জওয়ান মোহিত বোথানকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঘটনার সময় পরিহিত তার পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। আদালতে সরকারি আইনজীবী সওয়াল করেন যে, নিরাপত্তার দায়িত্ব থাকা সত্ত্বেও জওয়ানের এই আচরণ অত্যন্ত কলঙ্কজনক। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ ও ঘটনাস্থল নির্দিষ্ট করার জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। আদালতের নির্দেশে তাকে এখন পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *