কালীঘাট কাণ্ডে নড়েচড়ে বসল লালবাজার, ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ!

কালীঘাট কাণ্ডে নড়েচড়ে বসল লালবাজার, ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ!

এবেলা ডেস্কঃ

 

কালীঘাট কাণ্ডের তদন্তভার গোয়েন্দা বিভাগে, ঘটনাস্থলে ধৃতদের নিয়ে পুনর্নির্মাণ

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কালীঘাটে তৃণমূলের কর্মসূচীকে কেন্দ্র করে গত শুক্রবার রাতের সংঘর্ষের ঘটনার তদন্তভার এবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিডি) হাতে তুলে দেওয়া হলো। ঘটনায় ধৃত তিন ব্যক্তিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাল পুলিশ।

গত শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের মধ্যে বচসা, ধস্তাধস্তি ও ইট ছোড়াছুড়ির ঘটনা ঘটে। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশও হেনস্থার শিকার হয়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

এই ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা রুজু হয়েছে। এর মধ্যে দুটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। এছাড়া গুড়িয়া হরি নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আরও ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন—মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাস। কালীঘাট তৃণমূলের দাবি, ধৃত তিনজনই তাদের দলের কর্মী। এর মধ্যে শ্রীদীপ দাসকে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় এবং অপর দুজনকে গুড়িয়া হরির অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। তবে অভিষেকের করা অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

গত রবিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জেরা করে ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ সম্পন্ন করেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। এলাকাটিতে এদিন অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *