উত্তরাখণ্ডে সুড়ঙ্গ বিপর্যয়ে প্রাণ হারালেন ৭ শ্রমিক! ধ্বংসস্তূপে এখনো ১, তুঙ্গে উদ্ধারকাজ – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরাখণ্ডের চামোলি জেলার মায়াপুরে টিএইচডিসি (THDC)-র একটি নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ ধস নেমে প্রাণ হারালেন ৭ জন শ্রমিক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এইচসিসি (HCC)-র এই টানেলে আচমকাই ধস নামে এবং প্রবল জলের তোড়ে ধ্বংসাবশেষ ভেতরে ঢুকে পড়ে। ঘটনার সময় ডিউটিতে থাকা ২২ জন শ্রমিকের মধ্যে ২১ জনের অবস্থান নিশ্চিত করা সম্ভব হলেও মর্মান্তিক এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয় এবং ১৪ জন আহত হন। বর্তমানে সুড়ঙ্গের ভেতরে এখনো একজন শ্রমিক আটকে রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে এনডিআরএফ, এসডিআরএফ, সেনা ও আইটিবিপি-র যৌথ দল। জমা জল বের করতে এবং আটকে থাকা শ্রমিক পর্যন্ত পৌঁছাতে ড্রাম-বোট ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজের সরাসরি তদারকি করছেন। আহতদের গোপেশ্বরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে এই ধস নামল, তা খতিয়ে দেখছে প্রশাসন।
