‘ও গোল্লায় গিয়েছে!’ ২ কোটির কুম্ভ-প্রতারণায় আত্মীয় গ্রেপ্তার হতেই ক্ষুব্ধ বিজেপি মন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
নাসিক কুম্ভমেলায় লাভজনক কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে ২ কোটি ১৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এনডিএ শাসিত মহারাষ্ট্রের মন্ত্রী গিরীশ মহাজনের এক আত্মীয়সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম তনয় মহাজন (৩২) ও নরেন্দ্র তোতারাম। পুলিশ জানায়, হাউস কিপিংয়ের ভুয়ো কাজের লোভ দেখিয়ে এক ব্যক্তির থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়। কুম্ভমেলা সংক্রান্ত প্রায় ৩০৫ কোটি টাকার এক বড় দুর্নীতির তদন্তে নেমে এই প্রতারণার বিষয়টি সামনে আসে।
বিজেপি নেতা তথা মন্ত্রী গিরীশ মহাজন ধৃত তনয়কে তাঁর দূরসম্পর্কের আত্মীয় বলে স্বীকার করে নিয়েছেন। চরম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ও গোল্লায় গিয়েছে। এর আগেও ওর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল।” তিনি নাসিকের পুলিশ কমিশনার সন্দীপ কার্নিকের সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। নাসিকের ডিসিপি কিরণকুমার চৌহান জানান, এই প্রতারক চক্রটির বিষয়ে স্বয়ং মন্ত্রীই পুলিশকে সতর্ক করেছিলেন।
