ট্রাম্পের মুখে মোদির জয়গান, তবে কি বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির সমীকরণ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায় ৪০ মিনিটের এক দ্বিপাক্ষিক ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এই কথোপকথনের পর ট্রাম্প নরেন্দ্র মোদিকে ‘দারুণ বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন। যদিও আলোচনার পূর্ণাঙ্গ বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
এদিকে, মার্কিন প্রশাসন রাশিয়া ও ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে এতদিন দেওয়া বিশেষ ছাড় আর নবীকরণ না করার ঘোষণা দিয়েছে। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়েছেন, এই নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট দেশগুলোকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। বর্তমানে ভারত তার মোট জ্বালানি চাহিদার প্রায় ৮৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করে, যার একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে আসে। মার্কিন প্রশাসনের এই নতুন কড়াকড়ির ফলে জ্বালানি খরচ বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
