অভিষেকের বাড়ির সামনে তুলকালাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারে কাঁপল পুলিশ!

এবেলা ডেস্কঃ
অভিষেকের কার্যালয়ে ভাঙচুর: পুলিশ ও প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বিজেপি কর্মী ও তৃণমূল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে রাতেই নিজের বাসভবনের সামনে ধরনায় বসেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার সকালে ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেন। একইসঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কালীঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (ওসি) তীব্র আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুলিশের সামনেই দুষ্কৃতীরা এই ভাঙচুর চালিয়েছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
এদিন প্রতিপক্ষ রাজনৈতিক দল ও পুলিশ প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের কত বুলডোজার আছে? আমাদের বুকে, আমাদের শরীরের ওপর বুলডোজার চালান! হিম্মত থাকলে আমার বুকে বুলডোজার চালিয়ে দেখান।”
কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ও হাই-প্রোফাইল এলাকায় রাজনৈতিক সংঘর্ষ এবং মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় প্রশাসন পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
