কনৌজে স্কুলবাস-ট্রাক সংঘর্ষ, মৃত ৪ ছাত্র

উত্তরপ্রদেশের কনৌজে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ পথদুর্ঘটনায় চার স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ একটি স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
কৌশাম্বীর একটি স্কুলের পড়ুয়ারা তাজমহল ভ্রমণ শেষে বাসে করে ফিরছিল। পথে শৌচকর্মের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড়ালে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় বাসে ৫০ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই পড়ুয়া। সংঘর্ষের ফলে বাসের পিছনের অংশটি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয় বাসিন্দা এবং উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট অথোরিটির কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহত ৩২ জনকে নিকটবর্তী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। মৃত চার পড়ুয়ার বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। পুলিশ সুপার বিনোদ কুমার জানিয়েছেন, আহতদের মধ্যে স্কুল ম্যানেজার ও এক পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কানপুরে স্থানান্তরিত করা হয়েছে। জেলাশাসক হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। অক্ষত পড়ুয়াদের অন্য বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে প্রশাসন।
