মোরাদাবাদে অটোতে যাত্রী সেজে চেন চুরি, শাশুড়ি-বউমা সহ গ্রেপ্তার ৩

উত্তরপ্রদেশের মোরাদাবাদে অটোরিকশায় যাত্রী সেজে সোনার চেন চুরির অভিযোগে তিন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে শাশুড়ি, বউমা ও ননদ রয়েছেন বলে জানা গেছে।
গত ১১ নভেম্বর সন্ধ্যায় মাজহোলা এলাকার এক শিক্ষক অটোরিকশায় বাড়ি ফেরার সময় এই চুরির ঘটনা ঘটে। পুরাতন রোডওয়েজ বাস স্টেশনের কাছে ওই তিন মহিলা অটোতে ওঠেন এবং কিছুদূর যাওয়ার পর ২০ টাকা ভাড়া দিয়ে নেমে যান। অভিযোগ, অটো থেকে নামার সময় কৌশলে ওই শিক্ষকের গলা থেকে সোনার চেন চুরি করে নেন অভিযুক্তরা।
পরে বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী শিক্ষক গলশহীদ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই তিন মহিলাকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে মোরাদাবাদ ছাড়াও সম্ভল, বিজনোর এবং সাহারানপুর জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অটোতে যাত্রী সেজে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। বর্তমানে ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
