কলকাতার বাতাসে বিষের ধোঁয়া, তথ্যের গরমিল দেখে শিউরে উঠছে শহর!

কলকাতার বাতাসে বিষের ধোঁয়া, তথ্যের গরমিল দেখে শিউরে উঠছে শহর!

এবেলা ডেস্কঃ

 

সরকারি তথ্য নিয়ে প্রশ্ন, দূষণ ও শব্দবাজির দাপটে বিপর্যস্ত কলকাতা ও হাওড়া

নিজস্ব প্রতিবেদন: কালীপুজোর রাতে কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ ও শব্দবাজির তাণ্ডব নিয়ে জনমনে প্রবল অসন্তোষ দানা বেঁধেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) দেওয়া তথ্য এবং বাস্তব পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবেশকর্মীরা।

সোমবার কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বুলেটিনে জানানো হয়েছে, কলকাতা ও হাওড়ার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) যথাক্রমে ১৫৩ ও ১৬১ ছিল, যা ‘মাঝারি’ বা ‘মডারেট’ শ্রেণির অন্তর্ভুক্ত। তবে শহরের আকাশ ধোঁয়ায় ঝাপসা থাকা সত্ত্বেও সরকারি এই হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মী নব দত্ত। তিনি অভিযোগ করেন, দূষণ পরিমাপক যন্ত্রগুলি মূলত এমন এলাকায় বসানো, যেখানে স্বাভাবিকভাবেই দূষণের মাত্রা কম থাকে। লেকটাউন বা কসবান মতো জনবহুল এলাকায় যেখানে বাজি পোড়ানোর দাপট বেশি, সেখানে কোনো পরিমাপক যন্ত্রই নেই বলে তিনি দাবি করেন।

বায়ুদূষণের পাশাপাশি কালীপুজোর রাতে হাওড়ায় শব্দবাজির তাণ্ডব ছিল চরমে। হাওড়া সিটি পুলিশের কন্ট্রোল রুমে ৬০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে রামরাজাতলা, চ্যাটার্জি হাট, বেলুড়, সালকিয়া ও লিলুয়া এলাকা থেকে অভিযোগের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। চ্যাটার্জি হাটের নন্দলাল মুখার্জি রোডে তীব্র শব্দবাজির আওয়াজে এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ায় তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ভুক্তভোগীদের একাংশের অভিযোগ, গত কয়েক বছরের তুলনায় এ বছর পুলিশ প্রশাসন শব্দবাজি নিয়ন্ত্রণে কার্যত নিষ্ক্রিয় ছিল।

অন্যদিকে, হাওড়া সিটি পুলিশের দাবি, বেআইনি বাজি রুখতে তারা আগাম প্রস্তুতি নিয়েছিল। কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানোসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২০০ কেজিরও বেশি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগ সত্ত্বেও শহরজুড়ে যে হারে শব্দবাজির দাপট দেখা গেছে, তাতে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *