নদীয়ায় উধাও ৪.৬ লক্ষ ভোটারের নাম, নিশানায় কি লক্ষ্মীর ভাণ্ডার?

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নদীয়া জেলার ভোটার তালিকা থেকে ৪ লক্ষ ৬৩ হাজার ৯৫৬ জনের নাম বাদ পড়ায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বাদ পড়া ভোটারদের মধ্যে ২ লক্ষ ৪৯ হাজার ৯৭৭ জন মহিলা এবং ২ লক্ষ ১৪ হাজার জন পুরুষ রয়েছেন। গত এক দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধি পেলেও ভোটার সংখ্যা ২০১৬ সালের স্তরে নেমে যাওয়ায় এই বিপুল সংখ্যক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নির্বাচন কমিশনের প্রশাসনিক সূত্র জানিয়েছে, ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার মাধ্যমে তথ্য যাচাইয়ের সময় ‘আনম্যাপড’ ও ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র মতো কারিগরি জটিলতায় এই নামগুলি বাদ পড়েছে। বিয়ের পর পদবি পরিবর্তন বা নথিপত্রে তথ্যের অমিল থাকায় মূলত বহু মহিলা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস একে রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ তুলেছে। এই বিশাল সংখ্যক ভোটারের অনুপস্থিতি রানাঘাট ও কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রসহ সামগ্রিক নির্বাচনী ফলের সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
