বদলের বাংলায় হারিয়ে গেল সেই চিরচেনা ভিড়, কালীপুজো কি এখন শুধুই একাকী মমতা!

বদলের বাংলায় হারিয়ে গেল সেই চিরচেনা ভিড়, কালীপুজো কি এখন শুধুই একাকী মমতা!

এবেলা ডেস্কঃ

 

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজো: ভিভিআইপিহীন চেনা আঙ্গিনায় আড়ম্বরহীন আয়োজন

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: প্রতি বছরের মতো এবারও কালীপুজোর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনের দরজা সাধারণের জন্য খোলা ছিল। তবে দীর্ঘদিনের চেনা জাঁকজমক ও ভিভিআইপিদের ভিড় ছিল অনেকটাই অনুপস্থিত। আগের বছরগুলোর তুলনায় এবারের পুজোয় প্রশাসনিক কর্মকর্তা, টলিউড তারকা কিংবা পরিচিত হাইপ্রোফাইল মুখদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম।

শনিবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল, রবিবার কালীপুজোর দিন তার কোনো রেশই দেখা যায়নি। এলাকা ছিল শান্ত ও স্বাভাবিক। কঠোর নিরাপত্তা বেষ্টনী না থাকলেও সাধারণের প্রবেশ ছিল অবাধ। আটপৌরে শাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এদিন অতিথিদের আপ্যায়ন করতে দেখা যায়। পুজোর আবহে বাড়ি জুড়ে মৃদু সুরে বাজছিল তাঁরই লেখা ও সুর করা গত ১০ বছরের অ্যালবামের গান। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, রূপঙ্কর বাগচী ও তৃষার কণ্ঠে গাওয়া গানগুলোই এদিন বাজানো হচ্ছে।

সন্ধ্যা গড়ানোর পর পুজোর বাড়িতে পৌঁছান সাংসদ সৌগত রায়, দোলা সেন, বিধায়ক কুণাল ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়সহ দলের ছাত্র-যুব নেতারা। রাতের দিকে সস্ত্রীক উপস্থিত হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ফিরহাদ হাকিমের উদ্যোগে প্রতি বছর যে বৃদ্ধাশ্রমের আবাসিকরা পুজোর অনুষ্ঠানে যোগ দিতেন, এবার তাদের উপস্থিতি দেখা যায়নি। একইসঙ্গে ইন্দ্রনীল সেন বা অরূপ বিশ্বাসের মতো পরিচিত মুখদেরও এবারের আয়োজনে ব্যস্ত দেখা যায়নি।

উল্লেখ্য, গত কয়েক বছরে এই পুজোকে কেন্দ্র করে আইপিএস-আইএস কর্মকর্তা থেকে শুরু করে তারকাবহুল যে জমকালো পরিবেশ তৈরি হতো, এবার সেখানে এক অদ্ভুত নীরবতা ও আড়ম্বরহীনতা ছিল লক্ষণীয়। বাড়ির পুজোর পাশাপাশি এলাকার অন্যান্য পুজোতেও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অংশ নিয়েছেন। নিজের পুজো সামলানোর ফাঁকে তিনি তরুণ যুবক সঙ্ঘের পুজোর মণ্ডপ উদ্বোধন করেন। এছাড়াও তিনি নিজে আরও একটি পুজো উদ্বোধন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *