বাড়ি থেকে টেনে বের করে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর, নেপথ্যে কী কারণ?

বাড়ি থেকে টেনে বের করে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর, নেপথ্যে কী কারণ?

এবেলা ডেস্কঃ

 

বাড়ি থেকে টেনে বের করে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর, বর্ধমান মেডিক্যালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের ভাতারে নিজ বাড়ি থেকে টেনে বের করে এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে ভাতাড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও, অবস্থার অবনতি হওয়ায় পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সন্ধ্যায় ভাতারের হাটকানপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

আক্রান্ত ওই নেতার নাম শান্তনু কোনার। তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ এবং গত বিধানসভা নির্বাচনে ভাতার কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতী শান্তনু কোনারের বাড়িতে চড়াও হয়। অভিযোগ, তাঁকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে রাস্তায় ফেলে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। মারধরের চোটে তিনি সংজ্ঞা হারান। পরে আত্মীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ভাতাড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তৃণমূল নেতা দেবু টুডু বর্ধমান হাসপাতালে গিয়ে শান্তনুর শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি জানান, আক্রান্ত নেতার মাথায় গুরুতর আঘাত লেগেছে। তবে এই হামলার কারণ বা কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রাত পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির মুখপাত্র শান্তিরূপ দে এই হামলার দায় অস্বীকার করে দাবি করেন, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলের ফল। তিনি বলেন, “এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক।”

বর্তমানে পুলিশ ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে। আক্রান্ত নেতার পরিবারের তরফেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ না জানানোয় রহস্য দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *