মৃত্যু নিশ্চিত জেনেও কেন ভিটে ছাড়ছেন না গ্রামবাসীরা?

মৃত্যু নিশ্চিত জেনেও কেন ভিটে ছাড়ছেন না গ্রামবাসীরা?

এবেলা ডেস্কঃ

 

সমুদ্রের গ্রাসে বিলুপ্তির পথে ওড়িশার আর্যপল্লী, পুনর্বাসন কেন্দ্রের অব্যবস্থায় ফিরছেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিবেদক: সমুদ্রের ক্রমবর্ধমান ভাঙন ও তীব্র জলোচ্ছ্বাসের মুখে পড়ে অস্তিত্ব সংকটের মুখে ওড়িশার আর্যপল্লী গ্রাম। দীর্ঘ কয়েক বছর ধরে উপকূলীয় এই জনপদটি মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কায় প্রহর গুনছে। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে পাকা আবাসন তৈরি করা হলেও, পরিষেবার অভাবে ফের বিপজ্জনক ভিটেমাটিতেই ফিরে আসছেন গ্রামবাসীরা।

২০১৩ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘ফাইলিন’-এর পর ওড়িশা সরকার ‘ওড়িশা ডিজাস্টার রিকভারি প্রজেক্ট’ (ODRP)-এর অধীনে আর্যপল্লী, পোদমপেটা, রম্ভা ও খাল্লিকোটের বাসিন্দাদের জন্য নিরাপদ স্থানে পাকা বাড়ি নির্মাণ করে দেয়। কিন্তু সরকারি নথির সঙ্গে বাস্তব পরিস্থিতির বিস্তর ফারাক লক্ষ্য করা গেছে। তথ্য অনুযায়ী, পুনর্বাসন কেন্দ্রে ঘর পাওয়া পরিবারগুলোর মাত্র ৩০ শতাংশ বর্তমানে সেখানে বসবাস করছেন। বাকি ৭০ শতাংশ পরিবার নতুন বাড়ি ভাড়া দিয়ে সমুদ্রঘেঁষা পুরনো ও ঝূঁকিপূর্ণ বসতভিটায় ফিরে এসেছেন।

বাসিন্দাদের অভিযোগ, সরকারি পুনর্বাসন এলাকায় পানীয় জলের তীব্র সংকট রয়েছে। এছাড়া সেখানে কোনো প্রাথমিক বিদ্যালয় কিংবা জরুরি স্বাস্থ্য পরিষেবার বালাই নেই। মৌলিক সুযোগ-সুবিধার এই চরম অভাবই তাদের প্রাণের ঝুঁকি নিয়ে পুরনো মাটির ঘরে ফিরতে বাধ্য করছে।

এদিকে, সমুদ্রের আগ্রাসন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে আর্যপল্লীর উপকূল বরাবর পাথর ফেলে বোল্ডার বাঁধ তৈরির কাজ চলছে। তবে স্থানীয়দের দাবি, রুশিকুল্যা নদীর মোহনা থেকে অন্ধ্রপ্রদেশ সীমান্ত পর্যন্ত সমুদ্রের রুদ্ররূপের কাছে এই বাঁধ কতদিন টিকে থাকবে, তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। প্রতিবেশী গ্রাম ‘পোদমপেটা’ ইতিমধ্যেই সমুদ্রগর্ভে বিলীন হওয়ায় আর্যপল্লীর বাসিন্দাদের আতঙ্ক আরও বেড়েছে।

প্রকৃতির নির্মম গ্রাস এবং প্রশাসনের উদাসীনতার দ্বিমুখী চাপে আজ আর্যপল্লীর বাসিন্দারা কেবল নিজেদের ঘরবাড়ি নয়, বরং পূর্বপুরুষের স্মৃতি ও দীর্ঘদিনের শিকড় হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন। উপযুক্ত পরিকাঠামো গড়ে না তোলা গেলে এই জনপদটি শেষ পর্যন্ত ভৌগোলিক মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় প্রবীণরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *