হামলা উপেক্ষা করে দেড় কোটির বিক্রি, বই নিয়ে ঘরে ঘরে পৌঁছানোর ডাক সিপিএমের!

হামলা উপেক্ষা করে দেড় কোটির বিক্রি, বই নিয়ে ঘরে ঘরে পৌঁছানোর ডাক সিপিএমের!

এবেলা ডেস্কঃ

 

নভেম্বর বিপ্লব স্মরণে বামেদের কর্মসূচি: বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন: নভেম্বর বিপ্লবকে স্মরণ করে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগ চালাচ্ছে বামেরা। কেবল মিছিল বা বুক স্টল খোলাতেই সীমাবদ্ধ না থেকে এবার ‘ঘরে ঘরে বই’ পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে দলটি। আগামী ১৫ নভেম্বর ‘দুনিয়া কাঁপানো দশদিন’ স্মরণে বাম নেতাকর্মীরা ঝোলায় বই নিয়ে বাড়ি বাড়ি যাবেন।

শনিবার রাজ্যজুড়ে পালিত হয় নভেম্বর বিপ্লব। সকালে ধর্মতলায় লেনিন মূর্তিতে মাল্যদান করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং এসইউসিআইয়ের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। এই দিন থেকেই রাজ্যজুড়ে বুক স্টল কর্মসূচির সূচনা হয়েছে। এদিন বেহালায় একটি বুক স্টলের উদ্বোধন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

বই বিক্রির এই কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগও উঠেছে। যাদবপুর লায়েলকা মাঠে স্টল বন্ধ করতে পুলিশ এসেছিল বলে অভিযোগ। এছাড়া শনিবার রাতে বালিগঞ্জে পুলিশের বাধার মুখে পড়ে ডিওয়াইএফআইয়ের কর্মীরা বাধ্য হয়ে স্কুটারের ওপর বই রেখেই বিক্রির কাজ চালিয়েছেন।

এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানান, শারদ উৎসবের সময় রাজ্যজুড়ে ১ হাজার ১০৬টি বুক স্টল করা হয়েছিল, যা গত বছরের তুলনায় বেশি। গত বছর রাজ্যজুড়ে ৯০ লক্ষ ১২ হাজার ৮০৬ টাকার বই বিক্রি হলেও, এবছর তা বেড়ে ১ কোটি ৫৩ লক্ষ ১২ হাজার ৬৮৪ টাকায় দাঁড়িয়েছে। সুজন চক্রবর্তীর অভিযোগ, এই কর্মসূচির মধ্যে ৩১৬টি বুক স্টলে হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর মিছিলের পর ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বামফ্রন্ট। এর মধ্যে ১৫ নভেম্বর ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনের কর্মসূচির জন্য নতুন বই প্রকাশের পাশাপাশি শারদ উৎসবের সময় বুক স্টলগুলোতে হওয়া আক্রমণের তথ্য সম্বলিত পুস্তিকাও প্রচার করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *