৫০ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে নৃশংস খুন, দীর্ঘ লড়াই শেষে ৬ জনের যাবজ্জীবন!

এবেলা ডেস্কঃ
অপহরণের পর মুক্তিপণ না পেয়ে যুবককে হত্যা: ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
কাটিহার, বিহার: চার বছর আগের চাঞ্চল্যকর অপহরণ ও খুনের মামলায় ছয় অভিযুক্তকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বিহারের কাটিহার জেলার অতিরিক্ত দায়রা জজ পঞ্চম বিজেন্দ্র কুমারের আদালত। মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়েছে।
দণ্ডিতরা হলেন আজমনগর থানার দিঘালিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ গুলজার, প্রতাপ সিং, মোহাম্মদ ইমাম, বিভীষণ সিং, মিথিলেশ কুমার সিং এবং শেখর সিং।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ৩০ জানুয়ারি আজমনগর থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ শাকিলের ছেলে শাহরুল রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও হদিস মেলেনি। ঘটনার দু’দিন পর ১ ফেব্রুয়ারি অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। তদন্তে শাহরুলের ব্যবহৃত ফোনের কল ডিটেইলস (সিডিআর) ও ডিজিটাল প্রমাণের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
তদন্তে জানা যায়, পরিকল্পিতভাবে শাহরুলকে অপহরণ করার পর পরিবারের কাছে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপরাধীরা। মুক্তিপণের টাকা না মেলায় তারা শাহরুলকে নির্মমভাবে হত্যা করে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহ মহানন্দা নদীতে ফেলে দেওয়া হয়।
দীর্ঘ চার বছর ধরে চলা বিচার প্রক্রিয়ায় সংগৃহীত তথ্যপ্রমাণ, কল রেকর্ড ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ছয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। রায়ে ছয়জনকেই সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ে দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায়বিচার পাওয়ার কথা জানিয়েছে নিহত শাহরুলের পরিবার।
