নির্মাণে নজরদারি বাড়বে, বিল্ডিং কমিটিতে যোগ দিচ্ছেন পূর্ত বিশেষজ্ঞ!

নির্মাণে নজরদারি বাড়বে, বিল্ডিং কমিটিতে যোগ দিচ্ছেন পূর্ত বিশেষজ্ঞ!

এবেলা ডেস্কঃ

 

শহরের বড় নির্মাণে নতুন নিয়ম: বিল্ডিং প্ল্যান অনুমোদনে এবার গুরুত্ব পাবে উচ্চতাভিত্তিক স্ট্রাকচারাল স্টেবিলিটি

নিজস্ব প্রতিবেদন: শহরের বড় নির্মাণকাজ অনুমোদনের ক্ষেত্রে এবার নতুন নীতি গ্রহণ করতে চলেছে কলকাতা পুরসভা। আগামী দিনে যেকোনো বহুতল বা বাণিজ্যিক নির্মাণের বিল্ডিং প্ল্যান অনুমোদনের আগে সংশ্লিষ্ট নির্মাণের উচ্চতা অনুযায়ী তার ‘স্ট্রাকচারাল স্টেবিলিটি’ বা কাঠামোগত স্থায়িত্ব যাচাই করা বাধ্যতামূলক করা হচ্ছে। নবান্ন এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে।

এতদিন পর্যন্ত নিয়ম ছিল, নির্মাণের নকশা অনুমোদনের পর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা কোনো বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে স্ট্রাকচারাল অডিট করিয়ে রিপোর্ট জমা দিতে হতো। কিন্তু তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর বড় নির্মাণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মে, মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির (এমবিসি) মাধ্যমে বিল্ডিং প্ল্যান অনুমোদনের সময়ই নির্মাণের উচ্চতা ও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্ট্রাকচারাল স্টেবিলিটি যাচাই করে দেখা হবে।

এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এমবিসিতে বিশেষজ্ঞ সংস্থা রাইটস (RITES) ও পূর্ত দপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। মূলত ৪০ মিটার, ৪১ থেকে ১২০ মিটার এবং ১২০ মিটারের বেশি—এই তিন ধাপের উচ্চতা অনুযায়ী নির্মাণের স্থায়িত্ব খতিয়ে দেখে তবেই মিলবে চূড়ান্ত অনুমোদন।

উল্লেখ্য, সাত কাঠা বা ৫০০০ বর্গফুটের বেশি আয়তনের যেকোনো অ-আবাসিক ভবন এবং বাণিজ্যিক নির্মাণের ক্ষেত্রে এমবিসি-র অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু প্রায় ১০ মাস ধরে এমবিসি বৈঠক বন্ধ থাকায় শহরের বহু বড় প্রকল্পের কাজ থমকে রয়েছে, যার ফলে পুরসভার রাজস্ব আদায়েও বড়সড় প্রভাব পড়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ নভেম্বর এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

তবে নতুন এই নিয়ম নিয়ে প্রশাসনের অন্দরেই তৈরি হয়েছে ধোঁয়াশা। একাংশ আধিকারিকদের প্রশ্ন, প্ল্যান অনুমোদনের সময় স্ট্রাকচারাল স্টেবিলিটি নিশ্চিত করা হলেও, কাজ চলাকালীন তা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তার মনিটরিং বা তদারকি কে করবে? পুরসভার পর্যাপ্ত লোকবলের অভাব থাকায় এই দায়িত্ব পালন করা কতটা সম্ভব হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। বিশেষজ্ঞ মহলের মতে, নিয়ম কঠোর করা হলেও তার সুষ্ঠু বাস্তবায়ন এবং নিয়মিত নজরদারির ব্যবস্থা না থাকলে নতুন এই উদ্যোগের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *