চোখে ধুলো দিয়ে সোনা পাচারের ছক, বিএসএফের গুলিতে জখম বাংলাদেশি!

এবেলা ডেস্কঃ
নদিয়ায় সীমান্তে বিএসএফ-এর গুলিতে জখম বাংলাদেশি পাচারকারী, উদ্ধার ৩ কেজি সোনা
নদিয়া: নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি সীমান্ত এলাকায় সোনা পাচারের অভিযোগে বিএসএফ-এর গুলিতে জখম হলেন এক বাংলাদেশি যুবক। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের কাছ থেকে প্রায় ৩ কেজি সোনা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাংলাদেশের দিক থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। কর্তব্যরত জওয়ানরা তাঁকে দেখতে পেয়ে থামার নির্দেশ দেন। অভিযোগ, জওয়ানদের সতর্কবার্তা অগ্রাহ্য করে ওই ব্যক্তি দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন। তদন্তে জানা গেছে, ধৃতের নাম মনির হোসেন, বাড়ি বাংলাদেশের চুয়াডাঙা জেলায়।
প্রাথমিক তদন্তে বিএসএফ ও পুলিশের ধারণা, ধৃত ব্যক্তি পেশাদার পাচারকারী দলের সদস্য। উদ্ধার হওয়া ৩ কেজি সোনা কোথায় পাচার করার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বড় কোনো পাচারকারী চক্রের হাত রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
