উদ্বোধনের আগেই পুড়ে ছাই ৩০ লক্ষ টাকার মণ্ডপ, দিশেহারা পুজো কমিটি!

এবেলা ডেস্কঃ
শর্ট সার্কিটে ভস্মীভূত যশোড়াকালি বাজারের সুদৃশ্য পুজো মণ্ডপ, পুজোর সিদ্ধান্তে অনড় উদ্যোক্তারা
নিজস্ব প্রতিবেদক, পাঁশকুড়া: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল যশোড়াকালি বাজারের ৫৯তম বর্ষের ঐতিহ্যবাহী পুজোর মণ্ডপ। ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা। তবে বড় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, মঙ্গলবার মণ্ডপটিতে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। মণ্ডপ সজ্জায় তালপাতা, পুরুলের জালি, নিম কাঠ ও কাঠের গুঁড়োর মতো দাহ্য সামগ্রী ব্যবহার করায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো প্যান্ডেল গ্রাস করে ফেলে। ঘটনার সময় মণ্ডপের ভেতরে বেশ কয়েকজন কর্মী ও সদস্য উপস্থিত ছিলেন, তবে তাঁরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতায় সুদৃশ্য মণ্ডপটি পুরোপুরি ছাই হয়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে তদন্তকারীরা অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাঁশকুড়া থানার আইসি, ট্রাফিক ওসি ও দমকল বিভাগের পদস্থ কর্মকর্তারা।
এই বিপর্যয়ে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়লেও উদ্যোক্তারা মনোবল হারাননি। পুজো কমিটির সদস্য গোপাল মাইতি জানান, মাত্র ১০ মিনিটের মধ্যে চোখের সামনে সব শেষ হয়ে গেলেও, পুজো কোনোভাবেই বন্ধ করা হবে না। ঐতিহ্য মেনে ছোট আকারে হলেও মা কালীর পুজো সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। জরুরি বৈঠকের মাধ্যমে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
